সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে :ফখরুল

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:৪১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আজ স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে হরণ করা হয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করে অঙ্গীকার করছি, খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব। তাকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। জনগণের সব অধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছে। আজকে সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাফেরারও নিরাপত্তা নেই।

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার। যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সেই চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠালাভ করতে চলেছে।