অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে রিট শুনতে বিব্রত হাইকোর্ট

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:২৩
 
অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলম থাকার বৈধতা নিয়ে দায়ের করা রিট শুনতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট।
 
আজ রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে বিব্রতবোধ করেন।
 
আদালতে আবেদনের পক্ষে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
 
রিট আবেদনটি নিয়মানুযায়ী প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য নতুন কোনো বেঞ্চে পাঠাবেন।
 
এর আগে গত ১০ নভেম্বর আইনজীবী ইউনুছ আলী আকন্দ অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। এতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রিট আবেদনে বিবাদী করা হয়।
 
রিটে বলা হয়, সংবিধানের ৬৪(১)/৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়সের পরে এই পদে থাকার নিয়ম নেই। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মাহবুবে আলমের বয়স ৬৭ বছর হয়ে যায়। নির্দিষ্ট বয়স শেষ হওয়ার পরও তিনি ওই পদে বহাল রয়েছেন।
 
 
ইত্তেফাক/কেকে