তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক হারে ঊর্ধ্বমুখি হচ্ছে বর্তমান বিশ্ব। আর যা-ই হোক না কেন তথ্য প্রযুক্তিতে পিছিয়ে পরা চলবে না। এ লক্ষ্যে বর্তমান সরকার পুরোদমে বিভিন্নভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন ও ডিজিটাল বাংলাদেশের আয়োজনে ‘লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্প’ চালু হয়েছে। কুমিল্লা জোনে এ প্রকল্প কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে যাত্রা শুরু করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রকল্প থেকে প্রশিক্ষণ লাভ করবেন।
রবিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জোনের এ প্রকল্পের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের (কুমিল্লা জোন) উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি দুলাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, বিশেষ ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় উপাচার্য প্রকল্পের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ ঈর্ষানীয়ভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এগিয়ে যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও অংশীদার। শিক্ষার্থীরা এই লার্নিং এন্ড আর্নিং প্রকল্পে অংশ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
ইত্তেফাক/এমআই
