২১ আগস্ট গ্রেনেড হামলা : পুনরায় জেরার জন্য আসামির আবেদন খারিজ

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২১:০৯
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষীদের পুনরায় জেরার জন্য আসামি মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাটের রিভিশন মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ রবিবার এই রায় দেন। 
 
রাষ্ট্রপক্ষের ১ থেকে ৬১ নম্বর সাক্ষীদের পুনরায় জেরা (রিকল) চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন এই মামলার আসামি পাকিস্তানি নাগরিক মাজেদ ভাট। ওই আবেদন গত ২২ মার্চ খারিজ করে দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন মাজেদ ভাট। 
 
প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সাক্ষী রিকল প্রশ্নে রুল জারি করে। রবিবার ভাটের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রিভিশন মামলা খারিজ করে দেয়। 
 
 
ইত্তেফাক/এমআই