সোনারগাঁওয়ে ইসির নিষেধাজ্ঞা না মানার অভিযোগ এমপি লিয়াকতের বিরুদ্ধে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:২২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে ২৫ মার্চ থেকে এলাকা (সোনারগাঁও) ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু কমিশনের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন এমপি লিয়াকত। গতকাল সকালে সোনারগাঁওয়ে আসেন এমপি লিয়াকত। তিনি সকালে তার লোকজন নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে পরবর্তীতে সোনারগাঁও স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া দিনব্যাপী নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন তিনি।

নির্বাচনী এলাকা ছাড়ার বিষয়ে জানতে চেয়ে এমপি লিয়াকত হোসেন খোকার মোবাইল (০১৭৭৭৪১৪২৪২) ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জসিম উদ্দিন জানান, নির্বাচন কমিশনের আদেশ কেউ অমান্য করলে ও তার প্রমাণ পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।