যশোর হাসপাতাল থেকে ৯ দিনের শিশু চুরি

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২৩:২০

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৯ দিনের শিশুপুত্র চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। চিকিৎসা সহায়তায় টাকা দেওয়ার জন্য ছবি তোলার কথা বলে কৌশলে সদ্যজাত শিশুটি নিয়ে পালিয়ে গেছে এক নারী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের কর্মচারী নুরু মিয়াকে থানায় নিয়ে গেছে।

হাসপাতাল সূত্র মতে, যশোরের কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের রেজাউল করিমের স্ত্রী তহমিনা বেগম (২০) মূত্রতন্ত্রের ইনফেকশন নিয়ে ১৯ নভেম্বর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। যার রেজিস্ট্রেশন নং- ৪৭৪৮১/৯৯।
তহমিনা জানান, ৮ দিন আগে বাড়িতে তিনি শিশুসন্তান প্রসব করেন। এরপর অসুস্থ হওয়ায় পরিবারের স্বজনরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে শনিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কেশবপুর থেকে সিএনজি অটোরিকশায় যশোরে আসার সময় অপরিচিত বোরখা পরিহিত মহিলা সহায়তার কথা বলেন।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে সেই অজ্ঞাতনামা নারী ওয়ার্ডে গিয়ে তহমিনাকে বলেন, নিচে মাইক্রোবাসে স্যার বসে আছেন আপনাদের টাকা দিবেন এজন্য ছবি তুলতে হবে। তখন শিশুটির নানী ফিরোজা শিশুকে নিয়ে ওই নারীর সঙ্গে যান। তাদের শহরের বেসরকারি কুইন্স হাসপাতালের তিন তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নানীকে বসতে বলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
এদিকে শিশুটির পিতা রেজাউল ইসলাম থানায় খবর দিলে পুলিশ কুইন্স হাসপাতাল থেকে ভিডিও ফুটেজ জব্দ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
এ ব্যাপারে কুইন্স হাসপাতালের ম্যানেজার মিঠু সাহা বলেন, নারী অভিযোগ করলে তিনি ভিডিও ফুটেজ দেখেন। যা পেনড্রাইভে করে পুলিশকে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএন