শিল্পাঙ্গনে চলছে চিত্রকলা প্রদর্শনী ‘আরবান সাইট’

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ০৯:৫৭
 
‘ভাঙা বাড়ি, রং ওঠা দেয়াল, এ যেন এক মধুর অপ্রত্যাশিত বিপন্ন বিস্ময়বোধ। বিমূর্তই তার চিত্রকর্ম। তবে তাতে আছে ছন্দের নিপুন ও নির্ভুল পরিমিতি এবং দোলা’— পুরান ঢাকায় বেড়ে ওঠা শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদ-এর ১৫ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী ‘আরবান সাইট’ চলছে শিল্পাঙ্গনে।
 
গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে উদ্বোধন হয় তার একক প্রদর্শনীর। এতে শিল্পীর ৪০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিল্প-পৃষ্ঠপোষক রুবানা হক ও কথা সাহিত্যিক আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রুমি নোমান। প্রদর্শনী চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
 
পুরান ঢাকায় বেড়ে উঠা শিল্পী এক সময় বুড়িগঙ্গা নদীর খুব কাছে থাকতেন। এখন তা নিয়ে চলে স্মৃতিচারণ। তার শিল্পবোধের অনুসন্ধান করলে দেখা যাবে, কৈশোর শিল্পীর চোখে ধরা দিয়েছে অন্যভাবে। শুধু মায়া নয়, এর ভেতরের গল্পের সঙ্গেও তিনি সম্পর্ক গড়ে তুলেছিলেন। দেখা যায়, তিনি পরে সময় কাটিয়েছেন পুরনো ঢাকার রঙ মিস্ত্রী বা কখনো কাঠ মিস্ত্রীর সঙ্গে। মিশেছেন তাদের সঙ্গে যারা যানবাহন রং করেন, ছবি আঁঁকেন। আর সেখান থেকেই তিনি আস্বাদন করেছেন তার প্রিয় শহরের শিরা-উপশিরার গল্প, মর্মকথা। শিল্পী সালাউদ্দিনের ‘আরবান সাইট’ এই শহরের এক মোহিত শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।