এবার আলজেরিয়ার প্রেসিডেন্টের অপসারণ চায় সেনাবাহিনী

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:২৪

আলজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকাকে তার সমালোচকরা বলেন ‘জীবন্মৃত’। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কার্যত পক্ষাঘাতগ্রস্ত। বয়স ৮২ বছর হলেও অবসর গ্রহণে ইচ্ছুক নন। আগামী এপ্রিলের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তার এই অবস্থানের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ করছে জনগণ। এ অবস্থায় দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বুতেফলিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করে অপসারণের দাবি তুলেছে। সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ গায়েদ সালাহ মঙ্গলবার প্রেসিডেন্টকে অপসারণ এবং তার স্থলে ৪৫ দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ডাক দিয়েছেন। টিভিতে এক ভাষণে তিনি বলেন, সংকট থেকে খুব দ্রুত বের হয়ে আসার একটি পথ খুঁজে বের করতে হবে। খবর:রয়টার্সের।