মৃতদের ছবি দেখে বাবাকে চেনার চেষ্টা ৪ বছরের শিশুর!

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১২:১৫
 
ভারতের ইন্দোরা পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় মারা গেছেন ১৪২ জন। আহত অবস্থায় এখনও হাসপাতালে আছেন আরো অর্ধশত। আর এই আহতদের কাছেই পুলিশ মৃতদের ছবি নিয়ে দেখাচ্ছিলেন লাশ চিহ্নিত করার জন্য। পুলিশের এই কার্যক্রম থেকে বাদ যায়নি ৪ বছরের শিশু আদর্শ পান্ডে।
 
পুখারিয়ান কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) রবিবার সে সহ আরো ৫০জন আহতের কাছে ছবি দেখায় স্থানীয় পুলিশ। এ সময় আদর্শের হাতে বাঁধা ছিল ব্যান্ডেজ। এক পা ভেঙ্গে গেছে। বা হাতে শক্ত করে ধরে রেখেছে একটি খেলনা গাড়ি। তার চোখে তখনও ছিল দুর্ঘটনার তীব্রতার ছাপ। আর এমনই এক অবস্থা এই শিশু ও তার বাবার পরিচয় জানার জন্য একটি মোবাইল ফোনে মৃতদের ছবি ধারণ করে তাকে দেখাচ্ছিল এক পুলিশ।
 
দুর্ঘটনার সেই স্মৃতি তখন হয়ত আরো তীব্র ভাবে তাড়িয়ে বেড়াচ্ছিল শিশুটিকে। আর সে কারণেই কোন মতে মুখ খুলে কাঁপা কাঁপা কণ্ঠে সে জানায়, 'কানপুর যা রাহা থা, মোসিকে ইয়াহা যা রাহা থা' (কানপুরে যাচ্ছিলাম, খালার কাছে যাচ্ছিলাম)।
 
মৃত মানুষগুলোর ছবি দেখে সে অবশ্য তার বাবা-মাকে খুঁজে পায়নি। কিন্তু তার ছবি মিডিয়াতে দেখে পরিবারের অন্য সদস্যরা ছেলে শিশুটিকে নিয়ে যায়। জানা যায়, বাবা রবিন্দ্র পান্ডে ও মা পূজার সঙ্গে খালার বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয় শিশুটি। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/আরএ