চবিতে শাটল ট্রেন আটকে বিক্ষোভ

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১২:৩৪
 
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তার অনুসারীরা। এ ঘটনার তদন্ত ও বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়গামী সব ট্রেন আটকে রেখেছে তার অনুসারী কিছু ছাত্রলীগকর্মীরা।
 
আজ সোমবার সকাল সাড়ে সাত টার দিকে ক্যাম্পাসগামী প্রথম ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেও দ্বিতীয় ট্রেনটি হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় পৌঁছলে তারা আটকে দেন।
 
এরপর পরবর্তী ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশে ছেড়ে গেলে ওই ট্রেনও একই স্থানে পৌঁছলে তারা আটকে দেন। এর ফলে আর কোনো ট্রেনই ক্যাম্পাসে পৌঁছতে পারেনি। 
 
একই ঘটনায় হাটহাজারী সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায়ও অবরোধ করেন তারা। এসময় তারা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। 
 
ট্রেন আটকে দেয়ার বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাহাব উদ্দিন ফতেয়াবাদ এলাকায় দুইটি শাটল ট্রেনই আটকে দেয়া হয়েছে। ফলে সকাল থেকে কোনো ট্রেন ক্যাম্পাসে পৌঁছতে পারেনি।
 
এর আগে গতকাল রবিবার রাতে ক্যাম্পাসের দুই নম্বর এলাকায় অবস্থিত নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফানের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে রাতে সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে