ইসলামী বিশ্ববিদ্যালয় ৩৮তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার । এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মঙ্গলবার সকাল ৮টায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির অনুষ্ঠানমালা শুরু হবে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া ২৩ নভেম্বর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই সময় উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
