‘প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন’

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৮:১৫
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন- দৃশ্যমান পদ্মাসেতু তার বাস্তব উদাহরণ। 
 
সোমবার সংসদ ভবনে মিডিয়া সেন্টারে পরিবেশ ইস্যুতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘সার্ক এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরাম’ আয়োজিত ‘প্যারিস থেকে মারাকাশ বিশ্ব জলবায়ু সম্মেলন : আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কনভেনশনে তিনি এ কথা বলেন। 
 
ডেপুটি স্পিকার বলেন, শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে তার জন্য দায়ী সমাজের সুবিধাভোগী কিছু মানুষ, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তারা জনজীবনকে হুমকির মুখে ফেলছে। 
 
এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ক্ষতিকর হুমকি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি করতে তিনি দেশের সকল সাংবাদিক ও সুধী সমাজের প্রতি আহ্বান জানান। 
 
পরিবেশ রক্ষায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায অত্যন্ত সচেতন। তার সময়োপযোগী উদ্যোগ ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অনেক দুর্যোগের হাত থেকে রক্ষা পাচ্ছে। ইতোমধ্যে জলবায়ু সমস্যা সঠিকভাবে মোকাবেলা ও পরিবেশের ভারসম্য রক্ষায় তার গৃহীত পদক্ষেপের জন্য তিনি জাতিসংঘের জলবায়ু বিষয়ক পুরস্কারও পেয়েছেন। 
 
মরক্কোর মারাকাসে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, মারাকাস সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে তার স্বপক্ষে যে জোরালো বক্তব্য তুলে ধরেছেন তা উন্নয়নশীল দেশগুলোর নিকট উদাহরণ হয়ে থাকবে। 
 
দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্রের সভাপতিত্বে এবং সাংবাদিক রাহুল রাহার সঞ্চালনায় কনভেনশনে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লা, ফখরুল ইমাম, বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর, সিপিআরডির  মহাপরিচালক মো. শামসুদ্দহো, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। বাসস
 
ইত্তেফাক/এমআর/ইউবি