মিরসরাইয়ে এলপিজি কারখানা করবে ওমেরা পেট্রোলিয়াম

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৯:৪৯
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এলপিজি কারখানা স্থাপন করবে ওমেরা পেট্রোলিয়াম। এজন্য সোমবার রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বেজার নির্বাহী  বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব ও ওমেরার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
 
চুক্তি অনুযায়ী চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেজার অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে দুইশ’ একর জমি পাচ্ছে ওমেরা। সেখানে প্রায় ১৩শ’ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার রয়েছে কোম্পানিটির। 
 
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, চট্টগ্রামের মিরসরাইকে একটি পরিকল্পিত শিল্প শহর হিসেবে গড়ে তুলছে বেজা। সেখানে শিল্পাঞ্চলের জন্য মোট ৩০ হাজার একর জমি প্রস্তুত রয়েছে। যাতে রয়েছে শিল্পের প্রয়োজন সব ধরনের সুযোগ সুবিধা। 
 
টিপু সুলতান বলেন, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডকে একটি অত্যাধুনিক এলপিজি আমদানি ও প্রক্রিয়াজাতকরণ টার্মিনাল স্থাপনে সহযোগিতা করবে বেজা। এর মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। 
 
বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পাল, মহাব্যবস্থাপক মোস্তাক হাসান, ওমেরার ব্যবস্থাপনা পরিচালক আসিফ মালিক, মাসুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/এমআই