‘বিএনপির সরকার প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র’

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৬:২৬
 
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজনৈতিক কর্মশালায় বিশিষ্টজনরা বলেছেন, বাংলাদেশে বিএনপির নেতৃত্বে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র।
 
স্থানীয় সময় সোমবার বিকালে পূর্ব লন্ডনের রিজেন্ট বেঙ্কুয়েটিং হলে আয়োজিত এক কর্মশালায় যোগ দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি দর্শক সারিতে বসে প্যানেল আলোচকদের বক্তৃতা শোনেন। দুই শতাধিক স্বেচ্ছাসেবক দলের কর্মী এতে যোগ দেন।
 
কর্মীদের সামনে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. কে এম এ মালেক, যুক্তরাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. হাসনাত হোসাইন এমবিই, জাস্ট নিউজ সম্পাদক ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, ইউনিভাির্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এর পোস্ট ডক্টরেট ফেলো ড. রুহুল আমিন খন্দকার এবং বাংলাদেশ সেন্টার ফর জার্নালিজম এন্ড ডেমোক্রেসির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মাহাবুবুর রহমান।
 
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসাইন। দ্বিতীয় পর্বে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
 
প্রফেসর ড. কে এম এ মালেক বলেন, জাতীয়তাবাদী দর্শনের কারণেই বিএনপিকে যেমন নানামুখি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, তেমনি এই আদর্শের কারণেই অচিরেই বিএনপি ক্ষমতায় আসবে। এখন পৃথিবীর দেশে দেশে জাতীয়তাবাদের জাগরণ ঘটছে। চার দশক আগে আমাদের দেশে এ জাগরণের সূচনা করেছিলেন জিয়াউর রহমান।
 
তিনি বলেন, যে দর্শনের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের আশা আকাঙ্খাকে বাস্তবায়ন করে চলেছে ফ্যাসিবাদের কবলে পড়ে ক্ষমতা থেকে দূরে থাকলেও জাতীয়তাবাদী রাজনীতির দর্শন দেশের বেশিরভাগ মানুষের ভিতরে বিস্তৃত।
 
কর্মশালায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম

এ মালিক, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার আবদুস সালাম, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক শামসুজ্জামান, নির্বাহী সদস্য আবদুল মুকিত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, কেন্দ্রীয় সদস্য আক্তার হোসেন ও কয়েস মিয়া, বিএনপি নেতা নসরুল্লাহ খান জুনায়েদ প্রমুখ।