খুলনায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
১৮৭৮ সালের আস্ত্র আইনের ১৯ (এ) ধারায় এ দ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত মো. আকতার হোসেন ওরফে মিলন (৩৬) পলাতক রয়েছেন। মিলন নগরীর রেলওয়ে লোকো কলোনির মো. আব্বাস আলী খানের ছেলে।
রাষ্ট্রপক্ষের এপিপি কামরুল ইসলাম জোয়ার্দ্দার মামলার নথির উদ্ধৃতি দিয়ে জানান, ২০১৪ সালের ১৩জানুয়ারি সকালে রেলওয়ে লোকো কলোনিতে মিলনের বসত ঘর ঘিরে ফেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এ ঘটনা টের পেয়ে মিলন পালিয়ে যায়। পরে তার ওই ঘর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজ্জামেল হক বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ৩০মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক অনুকূল চন্দ্র ঘোষ। ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলাটি বিচারাধীন রয়েছে বলে জানান এপিপি কামরুল।
ইত্তেফাক/এমএইচ
