তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'দেশজ সংস্কৃতি এবং টেলিভিশন পেশাজীবীদের স্বার্থ রক্ষায় সরকার অগ্রণী ভূমিকা রাখবে।'
তিনি মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট সেমিনার কক্ষে নবগঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এর প্রতিনিধিদের সাথে এক বৈঠকে একথা বলেন।
তথ্য সচিব মরতুজা আহমদের সঞ্চালনায় বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেলিভিশনসহ গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশকে অব্যাহত রাখতে তথ্য মন্ত্রণালয় বদ্ধপরিকর। দেশজ সংস্কৃতি বুকে ধরে দেশের টেলিভিশন পেশাজীবীরা যাতে সংস্কৃতির শক্তিশালী বাহন হিসেবে কাজ করতে পারেন, সরকার সে বিষয়ে যত্নবান।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ্ আলমগীর, যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, এফটিপিও'র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোয়ার হোসেন পাঠান, সদস্য সচিব গাজী রাকায়েত এবং সদস্যদের মধ্যে আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মাসুম রেজা, এস এ হক অলিক বৈঠকে উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
