প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের নবনির্মিত ১১৩ম পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল (বুধবার) সিলেট যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী কাল সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর প্রথমে নগরীর আম্বরখানায় দরগাহ্ মহল্লায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত করবেন। তিনি এখান থেকে নগরীর উপকণ্ঠে কাদিমনগরে যাবেন এবং সেখানে হযরত শাহ্পরান (রাঃ) এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের নবনির্মিত ১১৩ম পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বিকেলে বিমানের ফ্লাইটে ঢাকা ফিরবেন।
উল্লেখ্য, বুধবার বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে তার ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কমিশনের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী এই কর্মসূচি বাতিল করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
