'আওয়ামী লীগের ভরাডুবি বলাটা বোকার স্বর্গে বাস'

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:১৫
বাংলাদেশ জাতীয় এলায়েন্স (বিএনএ) ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন 'যারা বলে এখন জাতীয় নির্বাচন দিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে তারা বোকার স্বর্গে বাস করছেন।'
 
তিনি বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এতে তিনি ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তনের প্রস্তাব করে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের প্রস্তাব মেনে নেন, তবে আমরা হলফ করে বলতে পারি তিনি পুনরায় নির্বাচিত হবেন।'
 
ব্যারিস্টার নাজমুল হুদা সংবাদ সম্মেলনে ভোটার তালিকা হাল নাগাদ করা, ভোটার পরিচয় পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তন করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানান।'
 
জাল ভোট রোধে ভোটার পরিচয়পত্রের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন 'আমরা মনে করি ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার হবে তেমন একটি কার্যকর ও জবাবদিহিতামূলক ব্যবস্থা।' এ সময় বিএনএভুক্ত ৩১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস