রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারের মানববন্ধন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২০:১৬
 
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কর্মসূচীতে আওয়ামী ও বিএনপি সমর্থিত কয়েকশত আইনজীবীরা অংশ নেন। কর্মসূচী হতে আইনজীবীরা মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের দাবি জানান।
 
একইসঙ্গে তারা বলেন, এই হত্যাযজ্ঞ বন্ধে অবশ্যই জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এছাড়া মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ারও আহ্বান জানান তারা।
 
আইনজীবীরা বলেন, শান্তি প্রতিষ্ঠায় মিয়ানমারের নেত্রী অং সাং সূচিকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিলো। কিন্তু তার দেশেই এই হত্যাযজ্ঞ চলছে। নোবেল কমিটির উচিত সূচির নোবেল পুরস্কার বাতিল করা।
 
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করে আইনজীবীরা। কর্মসূচীতে যোগ দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
 
সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, মিয়ানমারের সাধারণ মানুষের অধিকার আজ ভুলুণ্ঠিত হচ্ছে। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।  জাতিসংঘকে এই হামলা বন্ধে এখনই পদক্ষেপ নিতে হবে।
 
সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, মিয়ানমারে যা ঘটছে তা মানবাধিকারের চরম লংঘন। জাতিসংঘ এই হামলা বন্ধ করতে ব্যর্থ হলে প্রয়োজনে জাতিসংঘ মিশন ঘেরাও করতে হবে।
 
সাবেক সম্পাদক ও বার কাউন্সিল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শম রেজাউল করিম বলেন, অবশ্যই এ ধরনের মানবতাবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ জানাই। তবে এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেন সংখ্যালঘুদের প্রতি কোন বিদ্বেষ সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন বলেন, রোহিঙ্গাদের উপর হামলা জাতির বিবেককে নাড়িয়ে দিচ্ছে।
 

ইত্তেফাক/এএম।