অস্ট্রেলিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২২:০৩
অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 
 
এ উপলক্ষে সংগঠনের অস্ট্রেলিয়া শাখা ২০ নভেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আনন্দ উৎসবের আয়োজন করে। এ আয়োজনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা ও প্রবাসীরা যোগ দেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অস্ট্রেলিয়া শাখার সহসভাপতি ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা গামা আবদুল কাদির। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক ও সংগঠনের অস্ট্রেলিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক গাউসুল আলম। সঞ্চালনা করেন সংগঠনের অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নোমান শামীম। 
 
বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকার যেমন জরুরি, তেমনি যুবলীগের সমন্বিত রাজনীতিও আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও যুদ্ধফেরত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে যুবনেতা শেখ মণি ১৯৭২ সালের ১১ নভেম্বর এই সংগঠন তৈরি করেন। ৪৪ বছরের ধারাবাহিকতায় আজ এই সংগঠন অন্যতম বৃহৎ যুব সংগঠন। সৃজনশীল ও মেধাভিত্তিক আগামীর নেতৃত্ব করার জন্য এই সংগঠন এখন বাংলাদেশে শক্তির সূতিকাগার। 
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এস এম দিদার হোসেইন, হাফিজুর রহমান, আলাউদ্দিন অলোক, সাইফ রানা, সবুজ শিকদার, চৌধুরী মিকু, হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা বেলাল হোসেইন ও কলামিস্ট অজয় দাশ গুপ্ত। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. আবুল হাসনাত। কবিতা আবৃতি করেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী মিঠু। কেক কেটে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। 
 
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হারুন রশীদ আজাদ, লিয়াকত আলী, মশিউর রহমান, হাসান শিমুল, ফারুক রবীন, তানভীর আবীর, লরেন্স ব্যারেল, এলিজা আজাদ টুম্পা, অপু সারোয়ার, মেহেদি হাসান, খালেদ হোসেইন, এস এম আমিনুল ইসলাম, মহিউদ্দিন মহী, আলী আশ্রাফ, আমিনুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি