পাকিস্তানের বিপক্ষে কাল থেকে হ্যামিল্টনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। হাঁটুর ইনজুরির কারণে তিনি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন।
বোল্টের অনুপস্থিতিতে টিম সাউদির সঙ্গে নতুন বলের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে। যদিও শুক্রবার টসের আগ পর্যন্ত নিউজিল্যান্ড মূল একাদশ ঘোষণা করবে না বলেই নিশ্চিত হওয়া গেছে। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছেন, বোল্টের বাম হাঁটুতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সাম্প্রতীক ভারতীয় সফর থেকেই তিনি এই সমস্যা ভুগছেন। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়ী ম্যাচেও বোল্ট খুব একটা স্বস্তিতে ছিলেন না। হেসন বলেন, হ্যামিল্টনে তাকে পাবার ব্যপারে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু বুধবার অনুশীলনে ব্যাথা বেড়ে যাওয়ায় কার্যত তাকে আর পাওয়া গেল না।
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম টেস্টে হ্যাগলি ওভালের তুলনায় সিডন পার্কের পিচ কিছুটা সুইং সহায়ক হওয়ায় ডগ ব্রেসওয়েলকে নিউজিল্যান্ড স্কোয়াডে যোগ করা হয়েছে। ৩১ বছরে এ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে সিরিজ পরাজিত হয়নি পাকিস্তান। সে কারনেই সফরকারী পাকিস্তান ছয় বছর আগে হ্যামিল্টনের স্মৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। নিউজিল্যান্ডকে ঐ ম্যাচে ১০ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান। ম্যাচটিতে আসাদ শফিক একাই করেছিলেন ৮৩ রান। আর এবারও সেই আগ্রাসী মনোভাব ফিরিয়ে আনতে চায় সফরকারীরা। আসাদ বলেছেন, এখনো আমার সেই স্মৃতি মনে আছে। আমি ইতিবাচক ক্রিকেট খেলেছিলাম। ঐ একই মাঠে ফিরে আসাটাও আনন্দের। এটা অনেকটা বোলার সহায়ক উইকেট। আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা সাধারণত এই ধরনের উইকেটে খেলে থাকি। এটা আমাদের জন্য ভাল একটি চ্যালেঞ্জ। বাসস।
ইত্তেফাক/আরএ
