যুদ্ধাপরাধ: নেত্রকোণার পাঁচ আসামির রায় বৃহস্পতিবার

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৩:০৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার পূর্বধলার পাঁচ আসামির বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ দিন ধার্য করেন।

পাঁচ আসামি হলেন- শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আবদুল খালেক তালুকদার, মো. কবির খান, আবদুস সালাম বেগ ও নুরউদ্দিন ওরফে নুরদ্দিন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী।

আরও পড়ুন: ভিসি বিরোধী আন্দোলনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

পরে সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, ২৮ জানুয়ারি এ মামলার শুনানি শেষ হয়েছে। আজ বুধবার রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

এই মামলার আসামি ছিলেন সাতজন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান আহাম্মদ আলী (৭৮)। আর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় মারা যান আরেক আসামি আব্দুর রহমান।

জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। ১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর একটায় রাজাকার বাহিনী নিয়ে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীর পানিতে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। শহীদ আব্দুল খালেকের ছোট ভাই মুক্তিযোদ্ধা আ. কাদির বাদী হয়ে ২০১৩ সালে চার রাজাকারের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পরে তদন্তে আরও তিন জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে মোট আসামি হয় সাতজন। বিচার চলাকালে এ মামলার দুই আসামি মারা যান।

ইত্তেফাক/এমআরএম