‘মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সূচির নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে বক্তারা বলেন, ‘অং সান সূচি নিজের দেশের শান্তি ও মানবতা রক্ষায় পুরোপুরি ব্যর্থ। তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়া হোক।’
বক্তারা আরো বলেন, ‘বিশ্ব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে মিয়ানমারের গণহত্যার ছবি দেখে বিশ্ববাসী অবাক। কোনো ধর্মেই মানুষ হত্যার কথা বলা হয়নি, অথচ মিয়ানমারে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এতে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজের সঞ্চালনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুর রহমান সিদ্দীকী, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরুল শেখ ইমু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলতাফ প্রমুখ বক্তব্য দেন।
ইত্তেফাক/এএসএমইউ
