সুইডিশ তারকা স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার এক সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ হোসে মরিনহো।
ওল্ড ট্র্রাফোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘জøাতানের বিষয়টা খুবই সহজ। তার সাথে চুক্তির শর্তানুযায়ী এক বছর চুক্তি বাড়ানোর জায়গা ছিল। আমরাও তাকে পেয়ে খুশি। দ্বিতীয় মৌসুমেও কিছু করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখবো। এরপর তার যা ইচ্ছা তাই হবে।’
গত বছরের জুলাইয়ে ৩৫ বছর বয়সী ইব্রাহিমোভিচ এক বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট-জার্মেই থেকে ইউনাইটেডে যোগ দেন। এর আগে ইন্টার মিলানে ইব্রাহিমোভিচের সাথে কাজ করার সুযোগ মরিনহোর হয়েছে। এই জুটি মিলে ২০০৮-০৯ মৌসুমে ইন্টারকে সিরি-রা শিরোপা উপহার দিয়েছিলেন।
চারটি ভিন্ন দেশের হয়ে ১১টি লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে ইব্রার। এ পর্যন্ত ইউনাইটেডের হয়ে ১৭ ম্যাচে ৮ গোল করেছেন। প্রথম পাঁচ ম্যাচে তার কাছ থেকে পাঁচ গোল আসলেও সম্প্রতি লিগের শেষ ছয়টি ম্যাচে একটি গোলও করতে পারেননি।
সর্বশেষ সোয়াসনি সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে তিনি পুনরায় গোলে ফিরেছেন। বহিষ্কারের কারণে শনিবার আর্সেনালের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তার অভাব ভালোই টের পেয়েছে ইউনাইটেড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ১-১ গোলের ড্র করে হোসে মরিনহোর শিষ্যরা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে সুইডেনের হয়ে ১১৬টি ম্যাচে রেকর্ড ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। ইউরো ২০১৬’তে গ্রুপ পর্ব থেকে সুইডেনের বিদায়ের সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই তারকা।
ইত্তেফাক/এমএইচ
