লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৪:৩৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আদনান হোসেন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

বুধবার সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদনান মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রিংকু, সিনএজির যাত্রী আনজুমান ও আবুল হোসেন।

আরও পড়ুন: ধানমণ্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন

প্রত্যক্ষদর্শী রিয়াদ হোসেন জানান, সকালে মোটরসাইকেলে চড়ে বাজারে যাচ্ছিলেন আদনান ও রিংকু। ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আদনানসহ ৪ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম