যত বাধাই আসুক উন্নয়নের ধারা অব্যাহত রাখব : নিক্সন চৌধুরী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৯:২৯
বঙ্গবন্ধুর নাতি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যত বাধা আসুক আমি ভাঙ্গার উন্নয়ন অব্যাহত রাখব। আমাকে হুমকি দিয়ে থামানো যাবে না। আমার আজকের জনসভা ভুণ্ডুল করতে কাজী জাফরউল্লাহ তার পালিত বাহিনী দিয়ে ও প্রশাসনকে ব্যবহার করে সব ধরনের চেষ্টা চালিয়েছে।
 
শুক্রবার উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
 
চৌধুরী নিক্সন বলেন, ভাঙ্গার জনগণ সব ভয়ভীতি উপেক্ষা করে হাজার হাজার জনতা আজ সমবেত হয়েছে। আমি ফরিদপুর-৪ আসনের জনগণকে নিয়ে বঙ্গন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব। কাজী জাফরউল্লাহর আজকের এই ঘটনাকে আমি ভাঙ্গার জনগণকে নিয়ে ভোটের মাধ্যমে জবাব দিব।
IMG0
এর আগে ভীমেরকান্দা একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হামেরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ শত শত নেতাকর্মী নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তার সঙ্গে একত্রে কাজ করার শপথ নেন।
 
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, হামেরদী ইউনিয়নের চেয়ারম্যান শামচুল আলম রাসেল প্রমুখ।
 
এর আগে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জনসভা স্থলে ১৪৪ ধারা জারি করে শতাধিক পুলিশ মোতায়েন করে রাখা হয়। ১৪৪ ধারাকে সম্মান জানিয়ে এমপি নিক্সন চৌধুরী পাশের একটি মাঠে হাজার হাজার জনতার সামনে বক্তব্য রাখেন।
IMG1
প্রসঙ্গত, শুক্রবার বিকালে হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ হাইস্কুল মাঠে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের একটি জনসভার আয়োজন করে। এর মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকেরা ওই দিন একই স্থানে উপজেলা ছাত্রলীগ-যুবলীগের সমাবেশের ডাক দেয়। এ ঘটনায় সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাসান হাবিব পরিস্থিতি বিবেচনায় সমাবেশ স্থল মুনসুরাবাদ হাইস্কুল মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাত থেকেই জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে বিশ্বরোড মোড়ে মোতায়েন করে।
 
ইত্তেফাক/ইউবি