তারেককে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান বিএনপির

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২০:৫০
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুদল আয়োজিত তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তাফাজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
আব্দুল্লাহ আল নোমান বলেন, ওয়ান-ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে নির্যাতন করে এবং জোরপূর্বক বিদেশে পাঠিয়ে দেয়। আমাদের এই প্রিয় নেতার জন্মদিনে তার রোগমুক্তি কামনা করি এবং দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
 
তিনি বলেন, তারেক রহমান বিএনপির একজন বলিষ্ঠ নেতা। তিনি খালেদা জিয়া বা জিয়াউর রহমানের সন্তান হিসেবে নয়, নিজ দক্ষতা ও যোগ্যতার গুণেই রাজনীতিতে নাম লেখান।
 
নোমান বলেন, তারেক রহমান একজন দেশপ্রেমিক নেতা। দেশের মানুষের ভালোবাসায় তিনি রাজনীতিতে আসেন।
 
 
ইত্তেফাক/এমআই