আখাউড়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৫:১৩
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের পর এবার আখাউড়া উপজেলায় এক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
 
শুক্রবার মধ্যরাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের জিনিসপত্র পুড়ে গেছে।
 
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. রেজাউল ইসলাম ভূইয়া জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে কে বা কারা নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়ির একটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে ওই ঘরে থাকা মুদি দোকানের মালামাল ও গৃহস্থলীর কাজে ব্যবহৃত জিনিসপত্র পুড়ে যায়। নীপেন্দ্র তার স্ত্রীকে নিয়ে পুড়ে যাওয়া ঘরের পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।
 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জামান।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ