বিসিসিআইয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে পাকিস্তান

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৯:৩৭
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বিরুদ্ধে আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। শুক্রবার এমনটাই ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।
 
ভারত কোনো কারণ না দেখিয়ে পাকিস্তানের মেয়েদের সঙ্গে সিরিজ বাতিল করেছে। যার জেরে পাক বোর্ড আইনের সাহায্য নেবে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে আসছিল-পাকিস্তানের সঙ্গে খেলার জন্য দেশটির সরকার অনুমতি দেয়নি। 
 
শাহরিয়ার খান বলেন, তারা বিসিসিআই এর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবে। আইসিসিও পিসিবির পক্ষে রায় দিয়েছে। 
 
তিনি বলেন, ‘২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে দুই দেশের মধ্যে ছয়টা সিরিজ খেলার কথা ছিল। আমরা শ্রীলংকাতেও আমাদের হোম সিরিজের আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু ভারতীয় বোর্ড জানায়, তারা বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পায়নি। তার প্রমাণ না দেখাতে পারলে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। ভারতের জন্য আমাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। তার ক্ষতিপূরণও চাইব ওদের থেকে। ’
 
তিনি আরো যোগ করেন, ২০০৯ সালের পর থেকে বিদেশি দল না আসায় পাকিস্তান ক্রিকেট আর্থিক সমস্যায় ‍ভুগছে। এর মাঝে ভারতের এমন পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইন্ডিয়া টুডে
 
ইত্তেফাক/এমএইচ