আন্তরিক মুহূর্তে ইন্দিরা গান্ধীর সঙ্গে ক্যাস্ট্রো

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ০১:২৬

না ফেরার দেশে চলে গেলেন কিউবার বিপ্লবী নেতা, সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। মহান এই নেতার মৃত্যুতে সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। অসুস্থতার কারণে অনেক বছর ধরেই তার জনসন্মুখে আসা কমে গিয়েছিল। একসময়ে (২০০৮ সাল) ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। তিনি চলে গেলেন কিন্তু বিশ্ববাসীর কাছে রেখে গেলেন নানা স্মৃতি। তেমনই এক দুর্লভ স্মৃতির কথা বর্ণনা করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

 
১৯৮৩ সালের মার্চে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সপ্তম জোট নিরপেক্ষ সম্মেলনে ফিদেল ক্যাস্ট্রোকে ইন্দিরা গান্ধীর সঙ্গে এক আন্তরিক মুহূর্তে দেখা যায়। হঠাত্ করেই সেখানে তিনি তাকে জড়িয়ে নেন এক পবিত্র স্নেহের বন্ধনে। মুহূর্তটি তখন অনেক ফটোগ্রাফারের ক্যামেরায়ও বন্দী হয়। আজ এটি এখন শুধুই স্মৃতির মোড়কে আঁটা একটি ঘটনা। নেহেরু-গান্ধী পরিবারের সেই অকৃত্রিম বন্ধু বিশেষ করে তার স্নেহময়ী ইন্দিরা গান্ধীর (তত্কালীন প্রধানমন্ত্রী) সঙ্গে সুসম্পর্ককে আজো এক স্বর্ণালী দিন বলে মনে করা হয়ে থাকে। সেদিনের সম্মেলনে ১শরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছিলেন।
 
ফিদেল ক্যাস্ট্রো তখন কিউবার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। সম্মেলনের শুরুতে ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, ‘এর আগে এই সম্মেলন তার দেশে হয়েছিল। আজ তিনি বোন ইন্দিরা গান্ধীর সঙ্গে এ সম্মেলনে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। মুহূর্তটি আমাকে সত্যিই অনেক নাড়া দিয়েছে।’ বিভিন্ন দেশের অনেক প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। জোটভুক্ত দেশের সদস্য নয় এমন দেশ থেকেও অনেক পর্যবেক্ষক এসেছিলেন।
 
এ ছাড়া চারপাশে ছিল মিডিয়াব্যক্তিত্বের ছড়াছড়ি। সবমিলিয়ে তখন ফিদেল ক্যাস্ট্রো দিনটিকে হূদয় দিয়ে উপলব্ধি করেছিলেন। মঞ্চে দুই নেতা যখন মুখোমুখি হচ্ছিলেন, তখন ইন্দিরা গান্ধী তার উষ্ণ শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন। স্নেহের পরশে ফিদেল ক্যাস্ট্রোও তখন তাকে বোনের আদরে গ্রহণ করেন। সেদিনের সেই দিনটিই ছিল ফিদেল ক্যাস্ট্রোর জীবনের শেষ ভারত সফর। আজ বহু বছর কেটে গেলেও আবারো মিডিয়ার কল্যাণে উঠে আসে সেই মুহূর্তটি।
 
ইত্তেফাক/এএন