জেনেভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠিত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৭:৪২

যথাযথ মর্যাদার ও আনন্দমুখর পরিবেশে জেনেভাস্থ জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন সদর দফতরের হলে ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও মিসেস মমতাজ আহসান দূতাবাসের পক্ষে এই অভ্যর্থনার আয়োজন করেন।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এবং রাষ্ট্রদূত এম শামীম আহসান শুভেচ্ছা বক্তব্য দেন।

এরপর প্রদর্শন করা হয় বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার উপর নির্মিত একটি প্রামাণ্য চলচিত্র। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,  কূটনীতিজ্ঞ, বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ, স্থায়ী মিশনের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: অপো স্মার্টফোনের বিস্ফোরণ, তরুণ আহত

রাষ্ট্রদূত আহসানের আতিথিয়েতার জন্য তাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা ইমরান খান মুরাদ, আশোক কুমার রবি, সহ-সভাপতি অরুন বরুয়া, হারুন অর রশিদ, সাব্বির হোসেন রনি, মোর্শেদ গোলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, বিপুল তালুকদার, সৈয়দ কামরুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইকবাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী নেতা কাজী আসাদুজ্জামান, নজরুল জমাদার, মাহাবুব হাসান সুমন, শাহ আলম ফারুকসহ আরো অনেকে।

ইত্তেফাক/বিএএফ