ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৬টি নাট্যদলের পরিবেশনায় নাট্যোত্সব অনুষ্ঠিত হয়েছে। উত্সব শুরু হয়েছিল গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায়। নাট্যোত্সবে ছিল লোক নাট্যদলের ‘মুজিব মানে মুক্তি’; বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘হ্যামলেট’; ঢাকা পদাতিকের ‘কথা ৭১’; থিয়েটার আর্ট ইউনিটের ‘জনম দুঃখী মা’; ঢাকা থিয়েটারের ‘রায় কথকতা’; আরণ্যক নাট্যদলের ‘মাটির মহাজন’। বাংলাদেশের নাট্যমঞ্চ গৌরবময় শতবর্ষ অতিক্রম করেছে। নাট্যচর্চার পাশাপাশি দেশের সামগ্রিক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এসব মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোত্সব ২০১৯’ আয়োজন করেছে। দেশের ২৬টি জেলার ৩৫টি নাট্যমঞ্চে এই উত্সব অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, দেশের শতবর্ষী নাট্যমঞ্চগুলোর ইতিহাস-ঐতিহ্য এবং অবদানকে দেশবাসীর সামনে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি গ্রন্থ প্রকাশ করেছে। এই গ্রন্থের মধ্যে দেশের ঐতিহ্যবাহী এবং শতবর্ষ অতিক্রান্ত ৩৫টি মঞ্চের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত বইটি রচনা করেছেন একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। সংকলন সহযোগী ছিলেন সৌম্য সালেক ও মারুফা মঞ্জুরী খান।
শতবর্ষী নাট্যমঞ্চগুলো ছিল কুমিল্লা টাউন হল, কুষ্টিয়া পরিমল থিয়েটার, খুলনা নাট্য নিকেতন, গাইবান্ধা নাট্যসংস্থা, গাজীপুর ভাওয়াল রাবজাড়ি নাট্যমণ্ডপ, ঝিনাইদহ করোনেশন ড্রামাটিক ক্লাব, টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাব, ঠাকুরগাঁও এডওয়ার্ড মেমোরিয়াল হল, দিনাজপুর নাট্য সমিতি, নীলফামারী ডোমার নাট্য সমিতি মঞ্চ, নওগাঁ করোনেশন হল, পাবনা বনমালী ইনস্টিটিউট, বাগেরহাট টাউন হল, ফরিদপুর টাউন থিয়েটার, বগুড়া এডওয়ার্ড ড্রামাটিক মঞ্চ, অশ্বিনী কুমার টাউন হল, বরিশাল, ময়মনসিংহ অমরাবতী নাট্যমন্দির, ময়মনসিংহ টাউন হল, এলপি মিশ্র ইনস্টিটিউট, ময়মনসিংহ, দুর্গাবাড়ি নাটমন্দির, ময়মনসিংহ, মাগুড়া টাউন হল, যশোর বি. সরকার মেমোরিয়াল হল, রংপুর টাউন হল, রাজবাড়ি সফিউর রহমান মিলনায়তন, ললিত মোহন মিত্র নাট্যমঞ্চ, রাজশাহী, রাজা প্রমদানাথ টাউন হল, রাজশাহী, লালমনিরহাট এম.টি. হোসেন ইনস্টিটিউট, সিলেট ক্ষীরোদ মেমোরিয়াল স্টেজ, নাটমন্দির, ব্রহ্ম মন্দির, বন্দরবাজার, সিলেট, মণিপুরী রাজবাড়ী নাটমন্দির, সিলেট, মালনীছড়া চা বাগান নাটমন্দির, সিলেট, সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন এবং ঢাকার মাহবুব আলী ইনস্টিটিউট, লালকুটি ও কার্জন হল।
