ফরাসি অভিনয় প্রতিভার চমক

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:৪৬

তা হ মি না  মি লি

 

ইভা গ্রিনকে আবার অনেকদিন পর দেখা গেল নতুন হলিউডি সিনেমা ‘ডামবো’-তে। গত ১১ মার্চ লস অ্যাঞ্জেলেসে সীমিত পরিসরে মুক্তি পেয়েছে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ধাঁচের সিনেমাটি। আগামী ২৯ মার্চ আমেরিকাসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ডামবো’। ওয়াল্ট ডিজনির ১৯৪১ সালের অ্যানিমেটেড সিনেমা ‘ডামবো’ অবলম্বনে নির্মিত হয়েছে ১১২ মিনিটের সিনেমাটি। অ্যানিমেটেড সিনেমা থেকে নতুনভাবে রিমেক করার ঘোষণা এসেছিল ২০১৪ সালে। একটি সার্কাস দলের নানা কর্মকাণ্ডকে ঘিরে ‘ডামবো’ ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে। এখানে একজন ফ্রেঞ্চ ট্রাপেজ শিল্পী কোলেট মার্চেন্টের ভূমিকায় অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন। ৩৮ বছর বয়সী সুন্দরী আকর্ষণীয় এই অভিনেত্রীকে অনেকভাবে চেনেন হলিউডি সিনেমার দর্শক। ইভার উল্লেখযোগ্য একটি পরিচয় হলো তিনি একজন ‘বন্ড গার্ল’ হিসেবে রুপালি পর্দায় আলোড়ন তুলেছিলেন। ২০০৬ সালে নির্মিত জেমস বন্ড সিরিজের সিনেমা ‘ক্যাসিনো রয়েল’-এ বন্ড কন্যা ভেসপার লিন্ড চরিত্রে অভিনয় করেছিলেন ইভা গ্রিন। আর এ চরিত্রে অভিনয়ের জন্য বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ইভার মা মারলিন জোবার্টও ছিলেন একজন অভিনেত্রী। মঞ্চ অভিনেত্রী হিসেবে ইভার ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০০৩ সালে বিশ্বখ্যাত চলচ্চিত্রকার বার্না দো বার্তালুচির ‘দ্য ডিমার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল তার। তবে দুনিয়াজুড়ে খ্যাতির শীর্ষে পৌঁছেন ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক পটভূমির সিনেমা ‘কিংডম অব হ্যাভেন’ জেরুজালেমের রানি সিবিল্লার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ইভা গ্রিন বিশেষ কোনো ধরনের সিনেমায় নিজের ক্যারিয়ারকে সীমাবদ্ধ রাখেননি কোনো সময়। বিভিন্ন ধরনের চলচ্চিত্রে চ্যালেঞ্জিং অভিনয়ের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ক্র্যাকস’, ‘উমর’, ‘পারফেক্ট সেন্স’, ‘থ্রি হানড্রেড :রাইজিং অব অ্যান অ্যাম্পায়ার ফ্রাঙ্ক মিলার’, ‘সিনসিটি : আ ডেম টু কিল ফর’, ‘ডাক শ্যাডোস’, ‘মিস পেরিগ্রিনস হোম ফর পিকুলিয়ার চিলড্রেন’ প্রভৃতি। গত ২০১৭ সালে ইভা গ্রিন অভিনীত দুটি সিনেমা ‘বেসড অন আ ট্রু স্টোরি’ ও ‘ইউফোরিয়া’ মুক্তি পায়। এবার অনেক দিন পর আবার দর্শকের সামনে ফিরে এলেন বিখ্যাত এই ফরাসি অভিনেত্রী। তার অভিনীত আরও একটি নতুন সিনেমা ‘প্রোক্সিমা’ এখন নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। এ বছরেই ‘প্রোক্সিমা’ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছবিতে ইভা গ্রিন অভিনীত চরিত্রের নাম সারাহ। বড় পর্দার পাশাপাশি টিভি পর্দায়ও তার বিচরণ দর্শকদের আলোড়িত করেছে। ২০১১ সালে ইভা গ্রিনকে ‘ক্যামলেট’ সিরিজে মরগ্যান পেন্ড্রাগন চরিত্রে দেখা গেছে। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ‘পেনি ড্রেডফুল’ সিরিজে ভেনেসা লিডস চরিত্রে একটানা অনেকটা সময় ধরে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় তার কাজ খুব বেশি না হলেও স্বল্পতম সময়ের মধ্যে ঘরে ঘরে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছেন। এজন্য সেরা টিভি অভিনেত্রীর পুরস্কারও জুটেছে। প্যারিসের আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইভা গ্রিন। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি সব সময়েই স্বপ্ন দেখি, সিরিয়াসলি বলছি, মনে হয় আমি ভিনগ্রহে বসবাস করছি।’ ক্যারিয়ারে তার সাফল্য সহজেই চোখে পড়ে। সমসাময়িক অন্যান্য অভিনেত্রীর তুলনায় ইভার সাফল্য উল্লেখ করার মতো। সাফল্য নিয়ে তার মধ্যে তেমন অহংকার নেই। ‘সাফল্য আসলে খুব ক্ষণস্থায়ী ব্যাপার। মূলত প্রত্যেককে অন্যের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে চলতে হয়, যা সবার জন্য একটা চিন্তার বিষয়ই বটে। এ জন্য রিলাক্স হয়ে সময় কাটানোর সুযোগ কোথায়?’