ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:৫১

অ জে য়  চৌ ধু রী

 

এবারই প্রথম দীর্ঘ কোনো ধারাবাহিক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন এই সময়ের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী এফএস নাঈম ও উর্মিলা শ্রাবন্তী কর। শামীম আক্তার বেবীর নির্দেশনায় ‘পরাধীন’ নামক একটি পারিবারিক গল্পের নাটকে তারা অভিনয় করছেন। এরইমধ্যে বেশ কয়েকপর্বের শুটিংয়ে দুজন অংশ নিয়েছেন। নাটকটিতে ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন প্রখ্যাত সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন বুলু এবং নাটকটি প্রযোজনা করছেন মুক্তা দেব। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘এটি পুরোপুরিই একটি পারিবারিক গল্পের নাটক। সত্যি বলতে কী, এই সময়ে ধারাবাহিক নাটকে পারিবারিক গল্প খুব বেশি পাওয়া যায় না। কিন্তু দর্শক তার পরিবার নিয়ে নাটক দেখতে চায়। সেই বিবেচনায় নাটকটি পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে দেখার মতো একটি নাটক। নাটকটির গল্পে দেখা যাবে। আমি যে পরিবারের সদস্য সেই পরিবার দাদি দ্বারা নিয়ন্ত্রিত একটি পরিবার। আমার দাদির চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম। দারুণ গল্পের একটি নাটক। দর্শকের মনে জায়গা করে নেওয়ার মতোই একটি নাটক হচ্ছে।’ নির্মাতা শামীমা আক্তার বেবী জানান শিগগিরই ধারাবাহিক এ নাটকটি প্রচারে আসবে। এদিকে এরইমধ্যে এফএস নাঈম দেশের বাইরে থেকে ফিরে এসেই গতকাল তিনি তপু খানের নির্দেশনায় একটি নাটকের কাজে অংশ নিয়েছেন। এতে তার বিপরীতে আছেন ইশানা খান। এছাড়াও বিটিভিতে এরইমধ্যে শেষ হয়েছে নাঈম অভিনীত মো. মাহফুজার রহমান প্রযোজিত ধারাবাহিক নাটক ‘শেষ ভালো যার’। এটি নির্মাণ করেছিলেন রাকেশ বসু। এছাড়াও মাছরাঙ্গা টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে নাঈম অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। দেশের বাইরে থেকে নাঈম অঞ্জন আইচ, প্রীতু রাজ, দীপু হাজরা ও রাকেশ বসুর নির্দেশনায় পাঁচটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন। এদিকে উর্মিলা শ্রাবন্তী কর সুমন আনোয়ারের গল্পে আব্দুর নূর সজলের বিপরীতে ‘বিবাহ সংকট’ নাটকে অভিনয় করেছেন। এটি আগামী ঈদের বিশেষ নাটক। সজলের সঙ্গে এরইমধ্যে উর্মিলা ‘ভাস্কর্য’ নামের আরও একটি নাটকের কাজ শেষ করেছেন। উর্মিলা নিয়মিত চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘নীল রঙা মন’ ধারাবাহিকে অভিনয় করছেন।