শান্তিরক্ষীদের মানবাধিকারের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে: গুতেরেস

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৭:১২
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর আরো প্রশিক্ষণের পাশাপাশি মানবাধিকারের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
 
২০১৭ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান মহাসচিব বান কি-মুনের স্থলাভিষিক্ত হবেন গুতেরেস। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের ১০৮টি অভিযোগ উঠেছে। একটি রোমহর্ষক অভিযোগে বলা হয়, শান্তিরক্ষী বাহিনীর একজন ফরাসি কমান্ডার তিনটি কিশোরীকে কুকুরের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনে বাধ্য করে। 
 
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি চাইবো জাতিসংঘের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান একই লক্ষ্যে কাজ করবে। নারী ও শিশুদের অধিকার লঙ্ঘন এড়ানোর জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের আরো ভালো প্রশিক্ষণ প্রয়োজন।   
 
পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তির উন্নয়নের পরেও সারা বিশ্বে অসাম্য বৃদ্ধি পাচ্ছে। আর এটি সারাবিশ্বে অস্থিরতা তৈরিতে ভূমিকা পালন করছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ