মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস নীলফামারীর সৈয়দপুরে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, গার্লস গাইড, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মনোরম কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। মনোরম ডিসপ্লে দেখে মুগ্ধ হন আগত দর্শকরা। এখানে সম্মিলিতভাবে কুচকাওয়াজে অভিবাদন ও সালাম গ্রহণ করেন সংরক্ষিত নারী আসনের এমপি রাবেয়া আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজহাহান পাশা। একই মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপনে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সিনেমা হলে বিনা টিকেটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজ প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। স্টেডিয়ামে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশ নেয় উপজেলা একাদশ বনাম সৈয়দপুর পৌরসভা সুধীজন সমন্বিত একাদশ। সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে সন্ধ্যায় আয়োজন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাত্পর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সৈয়দপুর শিল্পী সমিতির শিল্পীরা। আগের দিন রাতে গণহত্যা দিবস উপলক্ষে গোলাহাট বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা প্রদর্শিত হয়।
