রংপুরে ১৫ বছর আগে মাহতাব হোসেন নামে এক কৃষককে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামের মানিক মিয়া (৩০) ও হাসান আলী (৩১)। অপরাধ প্রমাণিত না হওয়ায় আমজাদ হোসেন ও শাহিনুর বেগম নামে ২ আসামিকে খালাস দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহতাব হোসেনের (৩৫) সঙ্গে দিলালপাড়া গ্রামের মানিক মিয়া (৩০) ও হাসান আলীর (৩১) দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে মাহতাবকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যায় কে বা কারা। পরদিন মানিক মিয়া ও হাসান আলীর বাড়ি সংলগ্ন পুকুর থেকে মাহতাবের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে চারজনকে আসামি করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।
ইত্তেফাক/ইউবি
