আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব নবান্নকে শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে 'প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব' এর আয়োজন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হবে।
এ আয়োজনে থাকছে নবান্নের নাচ-গান, পুতুল নাচ, নাগরদোলা, পুঁথি পাঠ, বায়স্কোপ, গাজীর কিসসা, পালকি, লাঠি খেলা, সাপ খেলা ও বানর নাচ। এ ছাড়া রবীন্দ্র সরোবরে বসবে ৩২ টি বাহারি পিঠার স্টল। ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ, ক্যাটাগরি ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান ও শোবিজ এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
উৎসবের সাংস্কৃতিক পর্বে ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরন চন্দ্র, চন্দনা মজুমদারসহ অনেকে গান পরিবেশন করবেন। সকল শ্রেণী-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
ইত্তেফাক/আরএ
