বেকারত্ব দূরীকরণে খুলনায় ফ্রিল্যান্সিং সেমিনার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১১:৪৪
 
দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মমুখী করতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সিং সেমিনার। এআইও টেকনোলজির উদ্যোগে খুলনা পাওনিয়ার কলেজের সামনে ই.এফ.সি. কনভেনশন সেন্টারে সোমবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল 'চেইন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং তারুণ্যের ক্ষমতায়ন।'
 
এআইও টেকনোলজির প্রতিষ্ঠাতা এস কে তারিকুল ইসলাম বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ বেকারত্বর অভিশাপ নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াচ্ছেন, হাজার হাজার গৃহিণী বাসার বসে অলস সময় কাটাচ্ছেন, তাদেরকে কর্মমুখী করতে 'ফ্রিল্যান্সিং চেইন' নামে এই প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। বাসায় বসে ফ্রিল্যান্সিং মাধ্যমে টাকা উপার্জন করার সুবিধা প্রদানই এই প্রজেক্টের মূল প্রতিপাদ্য বিষয়। ছয় বছরে প্রায় এক লাখ তরুণকে ট্রেনিং দেয়া এবং তাদের উপার্জনের নিশ্চয়তা প্রদান করবে এই প্রজেক্ট।
 
ফ্রিল্যান্সিং চেইন প্রজেক্টের হেড অফ অপারেশন এস এম রিয়াদ বলেন, এই প্রজেক্ট বাংলাদেশের কোটি কোটি বেকার যুবক-যুবতীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। চেইন ফ্রিল্যান্সিং পদ্ধতিতে ফ্রি ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলাসহ তাদের উপার্জনের মাধ্যম নিশ্চিত করা এবং তাদের অর্জিত অর্থ কোন রকম ঝামেলা ছাড়াই তাদের হাতে পৌঁছে দেওয়াই এই প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
 
সেমিনারে তিনি পুরো প্রজেক্ট পরিকল্পনা তুলে ধরেন। এক বছরে প্রায় ১৬ হাজার তরুণ বেকারের কর্মসংস্থানই তাদের লক্ষ্য। তিনি জানান, প্রতিটি তরুণ প্রায় ২০ হাজার থেকে ২২ হাজার টাকা উপার্জন করতে সক্ষম এই প্রজেক্টের মাধ্যমে।
 
ইত্তেফাক/আরএ