ইডিপাস অবলম্বনে রাজা হিমাদ্রি’র ৪টি মঞ্চায়ন

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:৫৯

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশের শিক্ষা-সংস্কৃতি চর্চায় শুদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে নাট্যকলার প্রসার কার্যক্রমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্বাধীনতা সংগ্রামের ৫০ বছরকে সামনে রেখে নাট্যকলার উল্লেখযোগ্য এই ভূমিকার কথা চিন্তা করে দলের কিছু তরুণ প্রতিভাবান নাট্যকর্মীর সমন্বয়ে দৃষ্টিপাত নাট্যদল নির্মাণ করেছিল একটি ভিন্ন আঙ্গিকের নাট্যকর্ম। এটি হলো প্রখ্যাত গ্রিক ট্র্যাজিক নাট্যকার সফোক্লিসের অসামান্য নাট্যর্কম ইডিপাস অবলম্বনে নাটক ‘রাজা হিমাদ্রি’। হাজার বছরের বাঙালির সাংস্কৃতিক গৌরবের আলোয় সত্যের অনুসন্ধানই যার প্রধান বিষয়। বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিকে লক্ষ্য রেখেই নাটকটি রূপান্তরের মাধ্যমে উপস্থাপন করেছে দৃষ্টিপাত।

স্বাধীনতার এই মাসে ৫০তম প্রদর্শনীতে পা রাখতে যাচ্ছে এ প্রযোজনাটি।

এ নাট্য ভাবনাটি বাংলাদেশ ও বিশ্ব সংস্কৃতির নব নাট্যায়ন সৃষ্টির মধ্য দিয়ে এমন একটি আন্দোলন তৈরি করতে সক্ষম হবে, যা শুধুই বিনোদন কিংবা শিল্প নৈপুণ্যে আটকে না থেকে সৃজনশীল নাট্যচর্চার মাধ্যমে শুদ্ধ মানুষ সৃষ্টির সাথে বিশ্বের অন্যান্য দেশের নাট্যশিল্পের যোগসূত্র তৈরি করবে বলে এর কলাকৌশলীরা মনে করে।

এবার দর্শকনন্দিত এ নাটকটির ৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। এরমধ্যে গতকাল মঞ্চায়ন হয় ‘শিল্পকৃতি’-তে। আজ মঞ্চায়িত হবে ‘থিয়েটার শাইন’-এ। আগামীকাল ‘অভিযাত্রী’ ও ৩১ মার্চ মঞ্চায়িত হবে ‘নকশা’য়।