সিলেটের বিয়ানীবাজারের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আনোয়ার হোসেইন দীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। মঙ্গলবার তিনি সিলেটের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসী তাকে এক বিদায় সংবর্ধনা দিয়েছে। নিউইয়র্কের ওজোনপার্কের অ্যাভিনিউ হলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদ সদস্য সেলিম উদ্দিন। তিনি আনোযার হোসেইনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, তার মত নিবেদিত একজন সমাজসেবককে দেশে বড় প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও সিলেট গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বোরহান, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সভাপতি আবুল কালাম মাস্টার ও কফিল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা একলিমুজ্জামান নুনু ও আজিজুর রহমান পাখি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বজলুর রহমান, মিসবাহ আবদীন, কয়ছর আহমেদ, সাইকুল ইসলাম, মো. তুলন, রশীদ রানা, সাব্বির আহমেদ, আব্দুল করিম, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল হাসিব। অনুষ্ঠানে সংবর্ধিত আনোয়ার হোসেইনের উদ্দেশে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত প্রচার সম্পাদক ও বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার সাংবাদিক রিজু মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা আনোয়ার হোসেইনের প্রবাস জীবনের নানান স্মৃতি তুলে ধরে বলেন, আনোয়ার হোসেইন ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী। বিদেশ বিভূঁইয়ে থেকেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত না করে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার প্রত্যাগমণে আমরা ব্যথিত হলেও প্রবাসের মত দেশেও তিনি গণমানুষের জন্য কঅজ করে যাবেন। বক্তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
অনুষ্ঠানে বিয়ানীবাজারবাসী এবং সিলেট গণদাবী পরিষদের পক্ষ থেকে পৃথক দুটি ক্রেস্ট প্রদান করা হয়।
ইত্তেফাক/এমএইচ
