প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ডন’। মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, অবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল, তেরেসা চৈতিসহ অনেকে। ঘটনাস্থল নেপাল। এখানেই ডন তার সাম্রাজ্য গড়ে তুলেছে। নেপালের অন্ধকার জগতে যাদের বিচরণ তারা ডনের কারিশমায় মশগুল। ডনের নির্দেশেই চলে সেখানকার সবকিছু। শুধু নেপাল নয়, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ভারতেও ডনের প্রভাব বিদ্যমান। ডনের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের প্রতি ডন কতটা নির্দয় হতে পারে তা না দেখলে বোঝা যাবে না। শহরজুড়ে ডন এক রহস্যের নাম, ভীতি আর আতঙ্কের নাম। সর্বত্র আলোচনা ডনকে নিয়ে। ওপর মহলের ঘুম নেই। ডনকে খুঁজে বের করতে পুলিশের নাভিশ্বাস। টেলিভিশনে ব্রেকিংনিউজে যায়। পত্রিকায় বড় বড় অক্ষরে লিড রিপোর্ট হয়। কে এই ডন? দেখার জন্য চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনে।
