রাজধানীর মোহাম্মদপুরের এক ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের ঘটনার মামলায় খালাসপ্রাপ্ত আসামি রতনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের খালাসের রায় বাতিল করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
এদিকে আরেক আসামি হাইকোর্টে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহ আলমের সাজা বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে ৫ আসামিকে খালাসের হাইকোর্টের দেয়া রায় বহাল রাখা হয়েছে। আদালতে আসামিদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৯ এপ্রিল মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরে বসে চা পান রত অবস্থায় ব্যবসায়ী মঈন খান ইমনকে সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৫ সালের ৩১ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এই মামলায় ৭ জনকে মৃত্যদণ্ড এবং আসামি হাসিবুল হক বিপ্লব ও জাকির হোসেন সোহেলকে খালাস দেন। পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০১০ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট নিম্ন আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ আসামিকে খালাস দেন। শুধুমাত্র আসামি শাহ আলমকে মৃত্যদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ সোহেল রিয়াজ পাপ্পু, শাহরিয়ার হোসেন জসিম, লালু উদ্দিন লালু, মীর মোহাম্মদ রিয়াজ ও টিপু ওরফে মুরগি টিপুকে দেয়া হাইকোর্টের খালাসের রায় বহাল রাখে।
ইত্তেফাক/এমএইচ
