বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি, রিজাল ব্যাংক) কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে ব্যাংকটির আইনজীবী থিয়া দায়েপ। তিনি বলেন, চুরির ঘটনায় আরসিবিসি দায়ী নয়। আমাদের (রিজাল ব্যাংক) বিরুদ্ধে তাদের কোনো মামলাও নেই। আর এ চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের অবহেলাও দায়ী।
ব্যাংকটির আইনজীবী এ কথা জানিয়েছেন বলে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের সামনে আনতে স্বচ্ছভাবে তদন্ত করা ও সে প্রতিবেদন প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন থিয়া দায়েপ। ফিলিপাইনের বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হতে পারে এমন সংবাদ ছাপা হওয়ার প্রেক্ষিতে তিনি এসব কথা জানান।
দায়েপ বলেন, চুরির তিনটি ধাপ পার হয়ে অর্থ তাদের ব্যাংকে আসে। এছাড়া রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার খবরের বিষয়টিও তিনি তুলে ধরেন। এদিকে রিজার্ভ চুরির টাকা দ্রুত ফেরত পাওয়ার বিষয়ে আলোচনা করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও একজন সংসদ সদস্য ফিলিপাইন সফরে গিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ সময়ে এ ধরনের কথা বলা অপ্রাসঙ্গিক। তিনি বলেন, আমরা ফিলিপাইনের অর্থমন্ত্রী, নিয়ন্ত্রক সংস্থা, বিচার বিভাগ এবং সিনেট স্পিকারের সঙ্গে আলোচনা করেছি। সবাই চুরি যাওয়া অর্থ দ্রুত ফেরত দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
