প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর আওতায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত ২৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এটুআই এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির (অতিরিক্ত সচিব) এবং এটুআই এর প্রকল্প পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান, পিএএ (অতিরিক্ত সচিব) নিজ নিজ দপ্তরের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। একইভাবে বিগত এক দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগ গ্রহণে কারিগরি সহযোগিতা প্রদানের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, আইসিটি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি এর সহায়তায় এটুআই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সকল উদ্যোগের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ই-প্রশিক্ষণ কার্যক্রম, প্রাথমিক স্তরে গাণিতিক ও পঠন দক্ষতার উন্নয়ন, গাঠণিক মূল্যায়ন ইত্যাদি।
আরও পড়ুন: ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে ফ্রান্সের মুসলিম সংগঠনের মামলা
ওই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মো. আব্দুল মান্নান, মো. বদিয়ার রহমান (যুগ্ম সচিব), পরিচালক (আইএমডি), মহেশ চন্দ্র রায় (যুগ্ম সচিব), পরিচালক (অর্থ)-সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এটুআই-এর ই-লার্নিং স্পেশালিস্ট প্রফেসর ফারুক আহমেদ, পলিসি স্পেশালিস্ট জনাব মো. আফজাল হোসেন সারওয়ার, জিএম রাকিবুল ইসলাম, নুসরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিষ্ঠান দু’টির জন্য এই সমঝোতা স্মারক একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
ইত্তেফাক/এমআই
