বাণিজ্যমন্ত্রীর সঙ্গে স্লোভেনিয়ার উপমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ থেকে আরো বেশি তৈরী পোশাক নেবে স্লোভেনিয়া

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:২৮
 
স্লোভেনিয়ায় বাংলাদেশের তৈরী পোশাকের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে সেখানে রফতানি বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
 
বুধবার সচিবালয়ে ঢাকায় সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক স্টেট সেক্রেটারি (ডেপুটি মিনিস্টার) তানজা স্ট্রেনিসা-এর সাথে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
 
স্লোভেনিয়ার ডেপুটি মিনিস্টার বলেন, বাংলাদেশের তৈরী পোশাকের প্রচুর চাহিদা রয়েছে স্লোভেনিয়ায়। স্লোভেনিয়া বাংলাদেশের তৈরী পোশাক আরো আমদানির উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, বাংলাদেশ স্লোভেনিয়ার বন্দর ব্যবহার করলে লাভবান হতে পারে। বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে ডেপুটি মিনিস্টার বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দু‘দেশের বাণিজ্য বৃদ্ধি করা হবে। এতে উভয় দেশ লাভবান হবে।
 
তোফায়েল আহমেদ বলেন, এ মুহূর্তে দুদেশের মধ্যে বাণিজ্য খুুব বেশি না হলেও বাণিজ্য বৃদ্ধির উজ্জল সম্ভাবনা রয়েছে। বর্তমানে স্লোভেনিয়ার দু‘টি প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরী পোশাক উত্পাদন করে স্লোভেনিয়ায় রফতানি করছে। উভয় দেশের ব্যবসায়ীরা বসে আলাপ আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা হবে।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, স্লোভেনিয়ায়  উন্নতমানের বন্দর রয়েছে। ইউরোপিয় ইউনিয়নে পণ্য রফতানি ক্ষেত্রে স্লোভেনিয়ায় বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে।
 
প্রসঙ্গতঃ গত অর্থবছরে বাংলাদেশ স্লোভেনিয়ায় ৩৯.১৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১৫.২০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ রফতানি বহুগুণ বৃদ্ধি করা সম্ভব হবে।
 
বৈঠকে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, যুগ্ম সচিব মুনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।