বাংলাদেশকে মঙ্গামুক্ত ঘোষণা করলেন অর্থমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:৪০
 
বাংলাদেশকে মঙ্গামুক্ত ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ ‘সংযোগ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন মন্ত্রী।
 
অর্থমন্ত্রী বলেন, এই কর্মসূচির সমাপ্তির মাধ্যমে মঙ্গাকেও বিদায় জানাল বাংলাদেশ। আজকের পর বাংলা শব্দকোষ থেকে মঙ্গা শব্দটি বিদায় করে দিলাম। আমরা আনন্দের সঙ্গে একে বিদায় দিতে পারি, কারণ বাংলাদেশে এখন আর মঙ্গা নেই। পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।
 
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরো বলেন, আট বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা হবে। তার মানে এই নয় একেবারে দরিদ্র্য থাকবে না। কিছুসংখ্যক বৃদ্ধ, প্রতিবন্ধী থেকেই যাবে, যারা বিশ্বব্যাপী রাষ্ট্রের ওপর নির্ভরশীল। তাদের জন্যও সরকার উদ্যোগ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
 
অনুষ্ঠানে পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ জানান, ‘সংযোগ’ কর্মসূচির আওতায় গত ১০ বছরে উত্তর বঙ্গের ১১টি জেলার পাঁচ লাখের বেশি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পিকেএসএফ কর্তৃক বাস্তবায়িত প্রাইম কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের সংগঠিত করার মাধ্যমে তাদের মাঝে নমনীয় সঞ্চয়, সহনীয় ও নমনীয় ঋণ, আপত্কালীন ঋণ প্রদান করা হয়। সেইসাথে আয়বর্ধকমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অতিদরিদ্র সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
 
এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২ হাজার ৩৮৫ কোটি ৯০ লাখ টাকা নমনীয় ঋণ এবং ৭০ কোটি ৩৮ লাখ টাকা আপত্কালীন ঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রাইম কর্মসূচির অর্জনগুলো তুলে ধরা হয়। এই কর্মসূচিভুক্ত পরিবারের বার্ষিক আয় ২০০৭ সালে ছিল ৩৭ হাজার টাকা, তা এখন বেড়ে ১ লাখ ৪২ হাজার ৬৩৮ টাকায় দাঁড়িয়েছে। খাদ্যনিরাপত্তা ২০০৭ সালে তিন বেলা খাওয়া মাত্র ৪ শতাংশ ছিল, যা এখন বেড়ে ৯৯ শতাংশ দাঁড়িয়েছে। মঙ্গাকালীন সময়ে কর্মসংস্থান প্রায় শূন্যের কোঠা থেকে বর্তমানে মাসে ২১ দিন হয়েছে। ২০০৮ সালে পরিবারের গড় সম্পদ ছিল ৬২ হাজার টাকা, এখন তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার টাকায়। অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, দারিদ্র্য বিমোচনে সরকারের প্রচেষ্টা সফল হয়েছে। মঙ্গা বিদায় হয়েছে। বাংলাদেশে দারিদ্র্য কমেছে, কিন্তু আয় বৈষম্য রছেছে। তবে বিশ্বব্যাপী যে আয় বৈষ্যম্য রয়েছে সেই তুলনায় বাংলদেশের বৈষম্য কম।
 
অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে অর্থ কর্মকা্লটির মাধ্যমে মঙ্গা-অভাবকালীন অতিদরিদ্রদের জন্য সাময়িক কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট সংস্কার-মেরামত, পুকুর খনন, পুনঃখননের মাধ্যমে অবকাঠামোগত সেবা প্রদান করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের সিডর ও আইলা বিধ্বস্ত অতিদরিদ্র সদস্যদের জন্য সুপেয় পানি বিতরণ ও পুকুরের পানি নিষ্কাশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।