ভারতের সুপ্রিম কোর্ট দেশের প্রত্যেক সিনেমা হলে ছবি দেখানো শুরুর আগে বাধ্যতামূলকভাবে জাতীয় পতাকা দেখিয়ে জাতীয় সঙ্গীত বাজানো এবং এ সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান দেখানোর রায় দিয়েছে।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সুপ্রিম কোর্ট এই রুল জারি করেছে। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো হবে কি-না, সে সংক্রান্ত নিয়ম-কানুন ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। কোন কোন রাজ্যে এখনো সিনেমা দেখানো শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হলেও অনেক রাজ্যে এই নিয়ম মানা হয় না। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৬০-এর দশক পর্যন্ত জাতীয় সঙ্গীত বাজানোটাই ছিল রেওয়াজ।
কিন্তু পরের দশকগুলোতে ধীরে ধীরে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম আর সেভাবে মানা হয়নি। এ নিয়ে ভারতীয় জনমতও ছিল বিভক্ত। ২০০৩ সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রথম সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করা হয়। তামিলনাড়ুতে একই ধরনের নিয়ম করা হলে মাদ্রাজ হাইকোর্ট অবশ্য এর বিরুদ্ধে রায় দেয়। মাদ্রাজ হাইকোর্ট বলেছিল, এটি বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি করবে।
IMG0
কিন্তু বুধবার সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ রায় দিয়েছে যে, সব সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজাতেই হবে। একই সঙ্গে দেখাতে হবে জাতীয় পতাকা। তবে সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলেছে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো হলে তা মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের প্রতি অঙ্গীকার প্রোথিত করতে সাহায্য করবে। সুপ্রিম কোর্ট জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করেছে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশনার প্রতি সাধারণভাবে মানুষের সমর্থন থাকলেও অনেকে আবার এই বিষয়টিকে তাদের ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখবেন বলে মনে করা হচ্ছে। ভারতে যখন পরমত সহিষ্ণুতা কমছে বলে অভিযোগ বাড়ছে, তখন জাতীয় সঙ্গীত নিয়ে এই নির্দেশনা নতুন বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
