ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঘটনা তদন্ত শেষে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষক নিহত হবার ঘটনা তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
 
বৃহস্পতিবার মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বিভিন্ন প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, ফুলবাড়িয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ফায়ার সার্ভিস সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। আগে একটা প্রবাদ ছিল আগুন নেভার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এখন যুগোপযোগী হয়ে উঠেছে অগ্নিসেনারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় ৩০০ স্বেচ্ছাসেবককে অগ্নি নির্বাপণ, বিধ্বস্ত ভবনে অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সনদপত্র বিতরণ করা হয়।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল ও সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।
 
 
ইত্তেফাক/এমআই