‘আইএসের অনুমোদনে গুলশান হামলা চালানো হয়’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৯:২৮
গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পরিকল্পনায় আইএসের (ইসলামিক স্টেট) অনুমোদন নিয়েছিলেন হামলার অন্যতম মাস্টার মাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহমেদ চৌধুরী। 
 
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, পরিকল্পনায় আইএসের অনুমোদন পাওয়ার পর তিনি গুলশানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশ পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই দাবি জানিয়েছে। তবে তারা দাবি করেছে, ওই পুলিশ কর্মকর্তার দেয়া তথ্যগুলো ‘স্পর্শকাতর’ বলে পরিচয় প্রকাশে রাজি হননি তিনি। রয়টার্স জানিয়েছে, তথ্যগুলো স্বাধীনভাবে পর্যালোচনা করে দেখেনি তারা।
 
বাংলাদেশ পুলিশের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবু তারেক মোহাম্মদ তাজ উদ্দীন কাওসার নামের এক আইএস নেতার সঙ্গে যোগাযোগ ছিল তামিমের। সেই আবু তারেক তাকে বেশি করে বিদেশি সদস্য যোগাড় করার তাগিদ দিতো। 
 
রয়টার্সের দাবি অনুযায়ী, যে পুলিশ কর্মকর্তা তাদেরকে এই তথ্য দিয়েছেন, তামিম এবং আবু তারেক দুইজনের যোগাযোগের প্রত্যক্ষদর্শী তিনি।
 
শীর্ষ ওই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, তামিম আর আবু তারেকের যোগাযোগ থাকা অবস্থায় তাদের মধ্যে গুলশান হামলা সম্পর্কে একটি প্রবন্ধের খসড়াও তাদের আলোচ্য প্রসঙ্গের মধ্যে ছিল। পরে তা ইসলামিক স্টেটের ম্যাগাজিন ‘দাবিক’ এ প্রকাশ করা হয়।  IMG0
 
রয়টার্স-এর প্রতিবেদনে দাবি করা হয়, গুলশান হামলার পরিকল্পনা শেষে তামিম আইএসের বিশেষজ্ঞদের হলি আর্টিজানে পাঠাতে বলেন। হামলার আগে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের পাঠানোর প্রস্তাব করেন তামিম।
 
উল্লেখ্য, ১ জুলাইয়ের গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলায় ৯ জন ইতালীয় নাগরিক, ৭ জন জাপানি নাগরিক, ১ জন ভারতীয় নাগরি, ১ জন বাংলাদেশি ও আমেরিকান দ্বৈত পাসপোর্টধারী ও ২ জন বাংলাদেশিসহ মোট ২০ জনকে হত্যা করে। গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এক অভিযানে দুই সহযোগীসহ নিহত হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী।
 
 
ইত্তেফাক/এমআই